আকরাম খানের ৫ কবিতা

প্রকাশিত : মে ০৫, ২০১৯

ফণীমনসার কিচ্ছা

মনসাগো শোনো, এসেছে ফণী নামের প্রচণ্ড ঝড়
অট্টালিকায় এসে বাড়ি খাচ্ছে কৃষকের কুঁড়েঘর।
পাগলা আনুর হাহাকার! বন গেল হারিয়ে
মহারাণী বেতারে ঘোষণা দেন,
ভরসা রাখো নূহের নৌকায়,
সৈন্য ভরা দূর্গ এখনো অটল দাঁড়িয়ে।
উড়ছে হাতি-খড়কুটো, উড়ছে আলপিন
ভিনদাস তামাক ফুকো
উন্নয়ন হচ্ছে, প্রবৃদ্ধি যে বাড়ছে দিন দিন।

পেঁয়াজ-রসুন

সদ্য খুঁড়ে তোলা পেঁয়াজ
একটা রসুনের মতো পেয়েছি তোমাকে।
এখনো মাটি লেগে আছে
ফুঁ দিয়ে কামড় দিতেই, ঝাঁজে গন্ধে মাতাল!
ময়দানের মেঠোপথের সব ধুলা উড়িয়ে এসেছি,
সূর্যের খাড়া রোদে খুঁড়েই চলেছি খুঁড়েই চলেছি
পানি থেকে অল্প মাথা তুলে ড্যাবড্যাব করে
তাকিয়ে আছে একটা মহিষ,
সাক্ষী ঘাসফুল, একটা গঙ্গাফড়িং।
সদ্য খুঁড়ে তোলা পেঁয়াজ
একটা রসুনের মতো পেয়ে গেছি তোমাকে!

তোমার দিকে

তোমার চৌকাঠ পার হওয়ার অনুমতি চেয়ে বারবার করেছি আবেদন
আর তুমি সদর দরজায় মাথা ঠুকে মরার হুকুমনামায়
দিয়েছ স্বাক্ষর।
দেউলিয়া হয়ে রাস্তার পাশে থালা হাতে বসেছি
অবজ্ঞায় ছুড়ে দেয়া তোমার অনুগ্রহ বেজে ওঠার অপেক্ষায়,
গোধূলির আলোয় নিদারুণ উদাসিনতায় আনমনে পদ্ম পাপড়ি
ছিঁড়তে ছিঁড়তে চলে গেছ।

গুলবাগিচার রানি, জানো নাকি হায়!
এবেলার গোলাপ ওবেলা ধুলায় গড়াগড়ি যায়।
বালু ঝরে, ধসে পড়ে অট্টালিকা
বৃক্ষ রাজাধিরাজ মহীরুহ মড়মড় শব্দে
আছড়ে পড়ে মাটিতে।
এখনি করো হে কবুল মুঠোভর্তি এই অনার্য বকুল,
পেশি ফুলিয়ে মোছে তা দেয়া আছে তো অনেকই বীর
প্রেমের কাঙাল আমার মতো বলে কে আর মুসাফির!

মৃত্যুর প্রশস্তিতে

আমার বাগানে দুর্লভ নীল গোলাপের মতো
ফুটেছে অপরূপ মৃত্যু।
আহ! কী সুন্দর এক লহমায় মৃত্যু আমাকে
সরিয়ে দিলো জীবন সরণী থেকে।
বিজিতের গর্ব আর আনন্দ নিয়ে খাওয়া গুটির মতো
নিমেষেই দাবার কোট থেকে নিলো তুলে।
সময়ের চাপ যখন হয়ে ওঠে অসহনীয়
অনির্ণীত-অজানা পথে যাত্রার আকাঙ্ক্ষাই
মনে হয় একমাত্র নিরাময়।
নিজের শোচনীয় অবস্থায় করুণার অশ্রু নদে
সান্ত্বনা হয়ে ভেসে আসে এই মৃত্যু বন্দনা।

শেফালি কাকলি

ভর দুপুরে ঘর ভরা লোকের সামনে
শেফালি শেফালি শেফালি ডাকতে থাকলাম।
কাপড় নিখুঁত ভাঁজে ভীষণ ব্যাস্ত তুমি
চোখ তুলে তাকালেও না।
চিৎকার করে জিজ্ঞেস করলাম,
‘তুমি কী আমার কথা শুনতে পাচ্ছো?’
বিছানায় অন্ধকারে পাশ ফিরে বললে,
‘শুনবো কেন আমি তো শেফালি না।’
অসহায় হয়ে অনুনয়ের সুরে তখন আমি
কাকলি কাকলি কাকলি গাইতে থাকলাম।