আকাশসীমা বন্ধসহ ইজরাইলের বিরুদ্ধে যে পদক্ষেপ নিল তুরস্ক

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : আগস্ট ৩০, ২০২৫

গাজায় আগ্রাসনের প্রতিবাদে ইজরায়েলি বিমানের জন্য আকাশসীমা বন্ধের ঘোষণা দিয়েছে তুরস্ক। তুর্কি বন্দর ব্যবহারেও দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। শুক্রবার সংসদের বিশেষ অধিবেশনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এ ঘোষণা দেন।

বক্তৃতায় ফিদান বলেন, “দুই বছর ধরে সারা বিশ্বের চোখের সামনে মৌলিক ও মানবিক মূল্যবোধ উপেক্ষা করে গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে তেলআবিব। ইজরায়েলের সঙ্গে আমরা বাণিজ্য সম্পূর্ণ বন্ধ করে দিয়েছি। তুরস্কের কোনো জাহাজকে ইজরায়েলি বন্দরে যাওয়ার অনুমতি আমরা দিই না।”

তিনি আরও বলেন, “আমাদের আকাশসীমায় তাদের বিমান প্রবেশ করতে দিই না। ইজরাইলের সঙ্গে আমরা সম্পূর্ণভাবে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করছি।”

এর আগে গত বছরের মে মাসে ইজরায়েলের সঙ্গে সরাসরি বাণিজ্য বন্ধ করে দেয় তুরস্ক। এ সময় গাজায় স্থায়ী যুদ্ধবিরতি ও পর্যাপ্ত ত্রাণ সহায়তা প্রবেশের দাবি জানায় আঙ্কারা। ২০২৩ সালে ইজরায়েল ও তুরস্কের মধ্যে ৭ বিলিয়ন ডলারের বাণিজ্য হয়েছিল।