আফগানিস্তানে ভূমিকম্প, শতাধিক মানুষের মৃত্যুর শঙ্কা
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : সেপ্টেম্বর ০১, ২০২৫
আফগানিস্থানের পূর্বাঞ্চলে স্থানীয় সময় রোববার রাত ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্প আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৮ কিলোমিটার গভীরে। এরপর থেকে তিনবার আফটার শক অনুভূত হয়। সেগুলোর মাত্রা ছিল ৪ দশমিক ৫ থেকে ৫ দশমিক ২-এর মধ্যে।
ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে আফগানিস্তানের রাজধানী কাবুলে বেশ কয়েক সেকেন্ড ধরে কম্পন টের পাওয়া যায়। প্রায় ৪০০ কিলোমিটার দূরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও কম্পন অনুভূত হয়।
আশঙ্কা করা হচ্ছে, ভূমিকম্পে শতাধিক মানুষ নিহত হয়েছে। ভূমিকম্পে কুনার প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে একাধিক সূত্র জানিয়েছে, ভূমিকম্পে শত শত মানুষ মারা গেছে এবং অনেকে আহত হয়েছে।
হেলিকপ্টারে করে মৃতদেহ উদ্ধারের প্রচেষ্টা পরিচালনাকারী এক তালেবান নেতা বলেন, “একটি গ্রামে ২১ জন মারা গেছে ও ৩৫ জন আহত হয়েছে। এখনও প্রদেশের অনেক জেলায় আফটারশক অনুভূত হচ্ছে।”
কুনার প্রদেশের আরেক কর্মকর্তা বলেন, “মৃত্যুর সংখ্যা ভয়াবহ।”
ক্ষতিগ্রস্ত এলাকাগুলো দুর্গম। ফরে পৌঁছানো কঠিন হওয়ায় কেউ সঠিক পরিসংখ্যান দিতে পারছে না। কিছু এলাকায় মোবাইল নেটওয়ার্কও কাজ করছে না। অন্য অংশে ভূমিধস ও বন্যার কারণে রাস্তাঘাট বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
আফগানিস্তান ভূমিকম্প প্রবণ হওয়ার কারণে সেখানে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। এটি এমন বেশ কয়েকটি ফল্ট লাইনের ওপরে অবস্থিত যেখানে ভারতীয় ও ইউরেশিয়ান টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।
২০২২ সালে পূর্ব আফগানিস্তানে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে ১ হাজার মানুষ নিহত ও ৩ হাজার মানুষ আহত হয়। দুই দশকের মধ্যে দেশটিতে এটাই ছিল সবচেয়ে মারাত্মক বিপর্যয়। সূত্র: বিবিসি























