আরাকান আর্মি মাদকের ওপর বেঁচে আছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : সেপ্টেম্বর ০৯, ২০২৫

আরাকান আর্মি মাদকের ওপর বেঁচে আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ মঙ্গলবার আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের কাছে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি মাদকের ওপর বেঁচে আছে। তাদের মূল আয় মাদক থেকে আসে। সীমান্ত দিয়ে দেশে বেশি মাদক আসছে এবং মাদক বহনকারীদের ধরা পড়ার হারও বেড়েছে।”

তিনি আরও বলেন, “মাদক নিয়ে ধরা পড়ার সংখ্যা অনেক বাড়ছে। এতে বোঝা যাচ্ছে, মাদক আসতেছে বেশি, ধরাও পড়তেছে। কিন্তু একেবারে বন্ধ করতে পারিনি। এখন আবার বিভিন্ন ধরনের নতুন নতুন মাদক বের হচ্ছে। এটা দমন করতে না পারলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নষ্ট করে দেবে।”