আশরাফ রোকনের ৫ কবিতা
প্রকাশিত : জানুয়ারি ২৮, ২০১৯
আচ্ছাদন
আমারই চেতনার আলোকবিন্দুসমূহ জুড়ে
কেবলি তোমার বিশ্বাসী মুখের ছায়া
আর তাই ভুলে যেতে পারি না কখনো
তোমার নিপাট দৃষ্টির উদারতাই
যুগ যুগ ধরে যা প্রকৃতিস্থ করছে
আকাশের এক প্রান্ত হতে অন্য প্রান্ত
অবধি ছড়ানো তোমার বিদ্যুৎময়ী
হাসির বিভায় চড়ে আজো
এখানে আসে যে বিভাবরী
নক্ষত্ররাজির অপার শোভামণ্ডিত
সে তোমারই প্রিয় ও প্রিয় মনে হয়
জ্যোতির্ময়ী রূপের উদ্ভাস কোনো
গভীর মমতায় বুনিত অদ্বিতীয়
একটা নির্মল আচ্ছাদন হয়ে আছো
আর যেন তোমাকে পরিধান করেই
অন্ধকারে দাঁড়িয়ে রয়েছি
একা একা আমি।
আকাশকাব্য
একটা আকাশ গোপন হয়েই আছে
দৃষ্টির ভিতরে ভয় ও শংকাময়
স্বপ্নজুড়ে আর একটা আকাশ দেখি
এক বিস্ময়ের ভোর আনে
ধূসর-জমাট সৌন্দর্যের
পাখাগুলির অন্ধিসন্ধি জুড়েই
বিচ্ছিন্ন পালকছায়াদের আচ্ছন্নতা
জাগায় এ শীর্ণ কোন বোধ
জাগিয়ে রাখে এখানে আজ
আমাকেই একটা আকাশ
কালের আয়নার সম্মুখে প্রতিবার
পেরিয়ে যাওয়া সন্ধ্যার এ ঘন শীতে
আসতে না না আসতেই আরেকটা আকাশ
উঁকি দিয়ে যায় এসে অন্তরে আমার
বিপন্ন ফিরে যাই যে আমি
নিজেকে নিয়ে কেবলি একা।
কেউ নই
সুদূর, অসীম শূন্য নীলে সীমাহীন
আকাশদুহিতার কররেখায় ফোটা
দৃশ্যের গভীরে চোখ রেখে
তাকিয়ে সহসা আজ নিজেকে ভীষণ
ক্ষুদ্র মনে হলো; মনে হলো
মানুষের পুণ্যময়তায় আবিষ্ট
উদ্ভাসিত কোনো নক্ষত্রের
জ্যোতির্কল্পনা ভেবে ভেবেই
মহাজগতের সুনীল তরঙ্গঘোরে
ব্রহ্মাণ্ডের আলোয় নিয়ত
এখানে ঘুরছি প্রতিক্ষণ
পৃথিবীর মতোই যে একা
কেউ নই আমি তার, এই পৃথিবীর।
ক্রমবিকাশ
অনার্য, দ্রাবিড় মাগো ক্ষমো
ক্ষমা করো মাগো অধীনেরে
ক্ষুদ্র আমি এক তোমার সন্তান মাগো
উঠে-পড়ে জড়িয়ে যাওয়ার বাসনা
তোমার অঙ্গে অঙ্গে সতত
মাগো বসি কোলেতে তোমার
বঙ্গীয় মা ও গো বীণাপাণি
পারিনি ছড়াতে এতটুকু আলো
অন্ধকার তোমার খিড়কিমুখে মাগো
একটুও বন্দনার বাণী পারিনি শোনাতে
করিনি মা আয়োজন তোমারই তরে
অতীন্দ্রিক বোধের গভীরে
বিনোদের বাঁশির সুর তোমায় খুঁজে
আকুল করা মাগো মথুরা-বৃন্দাবনে
গোপিনী তুমি মা গোপন রেখেছো প্রীতি
শ্রী রাধারই ক্রমবিকাশ মা, ও মাগো!
ফুলের জন্যে ভালোবাসা
হয়তো-বা ফুলেরাই কখনো হারাবে না চরিত্র
আজো তাই ভালোবাসি ফুল
সুবাসিত তন্ত্রীতে নিরন্তর এখনো
ফুলের মতোই গ্রথিত বিরলগাথা
সূর্যাস্তের কোমল নদীর তীর ছেড়ে
ভাবছি আমার ছায়াকে ফেলে কখনো
যাব না কোথাও কোনো বিরল সৌন্দর্যে
এই ফুলেদের ছেড়ে গেলে জানি আমি
কোনোখানেই পাব না আর
মানুষেরাই যা খুঁজে চলে চিরকাল
যে-রকম প্রতিটি ভোরের
জন্মের সাথে জড়িয়ে ফুল
রাত্রির নির্জনতার আদি কারণও
এই ফুল জানি।























