আশিক আকবরের গান

প্রকাশিত : এপ্রিল ২৯, ২০১৯

এক.
লাগছে না ভালো আর শুয়ে বসে থাকতে
বিকেলের পথ ধরে একা একা হাঁটতে
শুয়ে বসে দিন যায় ফেসবুক ঘাটতে
মন কয় চল যাই ট্রেনে ট্রেনে ঘুরতে
চাকাতে ভর করে দেশে দেশে উড়তে
মনকে ফাঁকি দিয়ে বসে থাকি চুপচাপ
জানি তো বাঁচবো না, না দিলে দৌড়ঝাঁপ
সব আছে চারপাশে তবু জানি কিছু নাই
দিন শেষে সব কিছু হয়ে যাবে পোড়া ছাই
তাই বলি চলো তবে কড়া নাড়ি ঘরে ঘর
ভেদাভেদ ভুলে গিয়ে চিরকেলে আপন পর
চলো তবে শুরু করি পচা প্রথা ভাঙতে
লাগছে না ভালো আর শুয়ে বসে থাকতে

দুই.
গভীর রাতেও কখনো থামে না রাতের পাখির গান
ধুয়ে মুছে যায় না জেগে থাকা তারাটির অভিমান
দিন যায় দিন চলে যায়, চাঁদ সূর্য একা ডুবে ভাসে
স্মৃতির মেঘেরা থেকে থেকে ঝরে বৃষ্টি হয়ে হাসে
মনে জেগে উঠে দূর দিনে ফেলে আসা মধুর মধু টান
গভীর রাতেও কখনো থামে না রাতের পাখির গান।

সেই সব দিন ছিল আলো হাসিখুশি ভরা সুখো দিন
আকাশে বাতাসে লাফিয়ে উঠতো লাল নীল মীন
দুই হাত ভরা ছিল অমূল্য মোহরের ঘড়া ভরা দান
গভীর রাতেও কখনো থামে না রাতের পাখির গান।

আজ দিন শেষে হিসাবের খাতাজুড়ে মুঠো মুঠো ছাই
তবুও মনের কোণে খুন খুনে কোনো রাগ ক্ষোভ নাই
আছে শুধু রাতের সেই তারাটির সাথে ওই বুকভরা মান
গভীর রাতেও কখনো থামে না রাতের পাখির গান।

তিন.
কথা তো আছেই ওই তারাটির সাথে রাত জেগে জেগে,
কোন পাখি কার পাখায় ভর করে ফাঁকি দিয়ে যায় ভেগে।
সব জানে সব জানে আলু পুড়া আমার রাঙা দিনা মন,
সব তো দিয়েও আমরা ভাটিতে পাইনি কোনো মণিধন।
দিন গেছে, চলে গেছে ওই সব হৃদয় ভাঙা দিনগুলো বেগে,
কথা তো আছেই ওই তারাটির সাথে রাত জেগে জেগে।

ওগো তারা, তুমি কেঁদো না তো আর একা নীরবে নীরবে,
হাত ধরে তুলে নাও তারে যে হাত ধরে বুকের কথা রে কবে।
ভুলো অতীত জঞ্জাল, পিছু টানের মিথ্যা মোহ দড়াদড়ি,
ঝোল মাখা ভাত থাকুক, খাও যদি পাও চেটে পুটে চচ্চড়ি!
তবু বৃথা অহেতুক কারো প্রতি থেকো না আর রেগে রেগে,
কথা তো আছেই ওই তারাটির সাথে রাত জেগে জেগে।

তারার পানে চেয়ে থাকা দিন জানি ফিরে আসবে আবার,
উত্তাল মিছিলে এখনো কেউ কেউ আছে জানি হাত তুলবার!
দিন চলে গেলেও এখনো থেকে গেছে সহস্র মানুষের মনে,
তারা ওরে, বন্ধু ওরে, ওই সব মন ভরে দিতে হবে লাল লাল আগুনে।
ব্যক্তি দুঃখের বীজ জ্বলেপুড়ে যাক বিপ্লবী আগুন লেগে,
কথা তো আছেই ওই তারাটির সাথে রাত জেগে জেগে।

চার.
মনে যদি লয় গো বন্ধু, প্রাণে যদি লয়!
মনের কথা এই নিরালায় আইসা যেন কয়!
টিকটিকি কয় মনের কথা টিকটিক করে,
কোকিল কয় হৃদয় কথা কুহু কুহু স্বরে।
ইশারাতে বাতাস কয় আসে দক্ষিণ বায়ু
কেশে কয় শাদা হৈআ কইমা গেছে আয়ু!
কত জনে কত কথা কতভাবেই কয়,
মনে যদি লয় গো বন্ধু, প্রাণে যদি লয়,
মনের কথা এই নিরালায় আইসা যেন কয়!

মনে আমার লক্ষ কতা বলার কেহ নাই,
তাকে আমি খুঁজতে ফিরতে ঘাঠ অঘাটে যাই।
কারো মুখের আদল দেখি কারো মুখেরই আদলে,
মনে পড়ে কোন জীবনে কারে আসছি ফেলে।
সময় আমার নাই রে এখন সময় হৈছে ক্ষয়,
যৌবনে ভাটার টানে ধইরা গেছে ভয়।
মনে যদি লয় রে বন্ধু, প্রাণে যদি লয়,
মনের কথা এই নিরালায় আইসা যেন কয়।

বুকের কথা বুকে রাইখ্যা থাইকো না সজনী,
মনের কতা মুখে কইআ আইন্নো সুখেরও রজনী।
চাপা কথায় চাপা পইড়া মইরো না তো আর,
খুলে দাও রে মনের দেহের সকলও দুয়ার।
খুলে দিলেই সকল দুয়ার সুখের হাওয়া বয়,
মনে যদি লয় গো বন্ধু, প্রাণে যদি লয়,
মনের কথা এই নিরালয় আইসা যেন কয়!