জবানবন্দিতে চাঞ্চল্যকর তথ্য দিলেন সাবেক আইজিপি মামুন

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : সেপ্টেম্বর ০২, ২০২৫

আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আজ মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে জবানবন্দিতে চাঞ্চল্যকর অনেক তথ্য দিয়েছেন। আজ বেলা ১১টা ৫০ মিনিটে তিনি সাক্ষ্য দেওয়া শুরু করেন।

চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, “২০১৮ সালের জাতীয় নির্বাচনের আগের রাতে ৫০ শতাংশ ভোট ব্যালট বাক্সে ভরে রাখতে শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছিলেন ওই সময়ের আইজিপি জাবেদ পাটোয়ারী।

তিনি আরও বলেন, “জুলাই গণ-আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহার, হেলিকপ্টার থেকে গুলি ও ব্লক রেইডের সিদ্ধান্ত হয় রাজনৈতিকভাবে। লেথাল উইপেন ব্যবহারের নির্দেশনা এসেছিল শেখ হাসিনার কাছ থেকে। সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব এবং ডিবির হারুন ছিলেন মারণাস্ত্র ব্যবহারে অতিউৎসাহী।”

সাবেক আইজিপি বলেন, “র‌্যাব-১ এ টিআইএফ নামে গোপন বন্দিশালা ছিল। র‌্যাবের অন্যান্য ইউনিটে ছিল এমন বন্দিশালা। রাজনৈতিক ভিন্নমত ও সরকারের জন্য হুমকি হয় এমন মানুষদের ধরে আনা হতো এখানে।”

তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রীর দফতর থেকে আসতো এসব নির্দেশনা। কখনো নির্দেশনা দিতেন তারেক সিদ্দিকী। আর আয়নাঘরে আটক ও ক্রসফায়ারে হত্যার মতো কাজগুলো করতেন র‌্যাবের এডিসি অপারেশন ও গোয়েন্দা বিভাগের পরিচালক।”

এর আগে চলতি বছরের ২৪ মার্চ মুখ্য মহানগর হাকিম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, “স্বেচ্ছায় আসামি থেকে রাজসাক্ষী হয়ে সত্য উন্মোচন করতে চাই।”

এর আগে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে জুলাই আন্দোলনে আহত, শহিদ পরিবারের সদস্য, চিকিৎসকসহ ৩৫ জন সাক্ষ্য দেন। এ মাসেই এ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ার প্রত্যাশা করছে প্রসিকিউশন।