জিম্মি মুক্তি ও গাজা যুদ্ধ শেষ করার নির্দেশ নেতানিয়াহুর

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : আগস্ট ২২, ২০২৫

গাজায় আটক সব জিম্মিকে মুক্তি ও যুদ্ধ শেষ করার জন্য তাৎক্ষণিক আলোচনার নির্দেশ দিয়েছেন ইজরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেনাবাহিনীর গাজা বিভাগ পরিদর্শনকালে ইজরায়েলি চ্যানেল ১২-এ সম্প্রচারিত বিবৃতিতে তিনি এ নির্দেশ দেন।

তবে একইসঙ্গে তিনি গাজা শহর দখলের পরিকল্পনারও অনুমোদন করেছেন।  তবে তার এই দুটি সিদ্ধান্ত একে অন্যের সঙ্গে সাংঘর্ষিক।

বিবৃতিতে নেতানিয়াহু বলেন, “আমি গাজা শহরের নিয়ন্ত্রণ নেওয়ার এবং হামাসের বিরুদ্ধে যুদ্ধের সিদ্ধান্ত নেওয়ার সেনাবাহিনীর পরিকল্পনা অনুমোদন করতে এসেছি। একইসঙ্গে আমি আমাদের সব জিম্মিকে মুক্তি দেওয়ার এবং ইজরায়েলের কাছে গ্রহণযোগ্য শর্তে যুদ্ধ শেষ করার জন্য তাৎক্ষণিক আলোচনার নির্দেশ দিয়েছি।”

নেতানিয়াহু আরও বলেন, “আমরা চূড়ান্ত পর্যায়ে আছি। এই গুরুত্বপূর্ণ অভিযানের জন্য রিজার্ভ সৈন্য ও নিয়মিত সেনাবাহিনীর প্রতিক্রিয়ার জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ। হামাসকে পরাজিত এবং সমস্ত বন্দিকে মুক্তি, দুটোই একইসঙ্গে এগিয়ে যেতে হবে।”

হামাস মিশরীয়-কাতারি প্রস্তাব গ্রহণের ঘোষণা করার পর নেতানিয়াহু প্রথমবারের মতো সরাসরি সম্ভাব্য বিনিময় চুক্তির কথা বললেন।

ইজরায়েলি গণমাধ্যম জানিয়েছে, পরিকল্পনায় গাজায় মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়ার জন্য সীমান্তের কাছাকাছি এলাকায় ইজরায়েলি  সৈন্যদের পুনঃস্থাপন এবং ৬০ দিনের যুদ্ধবিরতি অন্তর্ভুক্ত রয়েছে।

এর আগে বুধবার ইজরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাটজ গাজা শহর দখলের পরিকল্পনাও অনুমোদন করেন। এরপরই বুধবার গাজায় অভিযান শুরু করে দখলদার বাহিনী।

পরিকল্পনা অনুসারে, প্রায় ১০ লাখ ফিলিস্তিনিকে প্রথমে দক্ষিণে বাস্তুচ্যুত করা হবে। অন্যদিকে ব্যাপক হামলা চালিয়ে শহরটিকে অবরোধ করা হবে। এরপর দখল করা হবে।