নওশাদ জামিলের ৫ কবিতা
প্রকাশিত : মে ১৪, ২০১৯
হৃদয়ের আলপথ
মাঠের ভিতর দিয়ে আমি ছুটে যাব
অনেক অনেক দূরে— সূর্যাস্তের কাছে
জীবনমৃত্যুর মাঝে আবার দাঁড়াবো
আবার হৃদয়ে নেব শূন্যতা, স্তব্ধতা
এমন নীরব হবো যেন কোনোদিন
ছুঁইনি তোমার ঠোঁট, হৃদয়জমিন
এমন স্থবির হবো যেন কোনোদিন
শিখিনি সাঁতার অশ্রুনদীতে, সাগরে!
খরস্রোতা নদীর মতন যেতে যেতে
হারাবো অচেনা নদীমূলে, অন্ধকারে
মায়ার ভিতরে কেউ যদি ডেকে যায়
আকস্মিক তাকাবো পিছনে— তারপর
হৃদয়ের আলপথ দিয়ে ছুটে যাব
অনেক অনেক দূরে— একান্ত নিভৃতে।
প্রত্নলিপি
তোমার ইশারালিপি পাঠ করি ধীরে
মনে হয়— আমরা ছিলাম মুখোমুখি
গুহার ভেতরে, অগ্নিপরিখার ঘরে
একদিন— নিজেরই গলার স্বর শুনে
বুঝি যে চিৎকারে কেঁপে ওঠে শিলাখণ্ড
দুলে ওঠে প্রত্নত্রস্ত পূর্ণাঙ্গ শরীর
এতদিন কী দেখেছি— একে একে বলি
গুমোট, দুঃসহ, ভারি সেই নীরবতা।
অগ্নিপরিখার ঘরে— দাঁড়াই আবার
দেখি আজ হাওয়ায় দুলছে বনলতা
কাঁপছে উদ্ভিন্ন স্তন তীব্র শিহরণে
একদিন— নিজেরই গলার স্বর শুনে
বুঝি যে বিস্ফারে কেউ চলে যায় দূরে
কেউ থেকে যায়— মুখোমুখি গুহাঘরে।
নোঙর
গভীর গহনস্রোতে চোখ রেখে বলি
হাতে হাতখানি ধরো— এসো, ঝাপ দিই
অতল জলের পিঠে ভাসাবো সংসার
পাখায় পাখায় মেলে দেব লীলানাট
হাতটি বাড়াও স্রোতস্বিনী— ভেসে ভেসে
স্বপ্নে-পাওয়া ভেলা নিয়ে যাবে দূরদ্বীপে
হৃদয়বরণ ঘাটে যদি থামে ভেলা
মনে রেখো প্রেম এক রহস্য নোঙর!
হৃদমূলে, রক্তস্রোতে কী এক দহন
হাতটি বাড়াও স্রোতস্বিনী— ঝড়জলে
ভেসে ভেসে পাড়ি দেব প্রলয়পিঞ্জর
কোথায় সে দূরদ্বীপ, জলে ভেজা ঘাস?
প্রেমের প্রবালদ্বীপে চোখ রেখে বলি
জীবন কি শুধু ভেসে যাওয়া, ডুবে যাওয়া?
বৃষ্টি নদী
চোখের কোণে নামল টলোমলো
বৃষ্টি নদী, ভিজল দুইধার
অন্ধকারে কাঁপছে সরোবর
স্তব্ধ হলো হৃদয় পারাবার!
বৃষ্টি মুছে আঙুর মেখে ঠোঁটে
নামল ঝড় তোমার সিঁথিজুড়ে
হঠাৎ করে তীব্র ঢেউ আজ
তুফান বেগে আছড়ে পড়ে দূরে।
বৃষ্টি দেখে জোরসে দাও টান
আয় রে নদী, ভিজুক চারপাশ
আঁধার রাতে কাঁপছে সরোবর
বুকের কাছে ভাসল রাজহাঁস।
অন্ধকারে তোমার ঠোঁটে ঝরে
আর্দ্র মধু, প্রেমের নিরাময়
মুগ্ধ হয়ে উঠল ফুঁসে জল
ভাসল তরি, নাই রে কোনো ভয়!
নীল শাড়ি
যেখান থেকে যাত্রা শুরু করি
আবার আমি সেখানে আসি ফিরে
অনেক পথ পেরিয়ে এসে দেখি
ফেরার পথে কুহক আছে ঘিরে।
পাহাড় নদী পেরিয়ে মেঠোপথ
এসেছি ফিরে হৃদয় আহ্লাদে
অন্ধ ফুলে পরাগ ঢেলে দিয়ে
আবেগ ছাড়া কে আর পড়ে ফাঁদে?
পথের বাঁকে বাতাস ছেঁড়া মেঘ
উড়ল বুঝি আগুন হাতছানি
ধোঁয়ার রেখা মাড়িয়ে বহুদূর
পেলাম দেখা পরম ঝলকানি।
হৃদয় টানে আবার আসি ফিরে
ফেরার পথে কুহক ছড়াছড়ি
কুয়াশাজাল ছিন্ন করে দেখি
পথের বাঁকে উড়ছে নীল শাড়ি।























