নেপালে কারাগারের প্রাচীর ভেঙে পালালো ৫৭২ কয়েদি

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : সেপ্টেম্বর ০৯, ২০২৫

নেপালের মহোত্তরীর জলেশ্বর কারাগারের প্রাচীর ভেঙে পালিয়েছে ৫৭২ বন্দি। বিক্ষোভকারী ও বন্দিরা মিলে হামলা চালিয়ে প্রাচীর ভেঙে ফেলে। পালানো বন্দির সংখ্যা আরও বেশি হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট হেরম্ব শর্মা বলেন, “সন্ধ্যা ৭টার দিকে পাঁচশোর বেশি বিক্ষোভকারী কারাগারে উপস্থিত হয়ে হামলা চালায়। এসময় বন্দিদের হাতে রান্নাঘরের ব্যবহার্য সরঞ্জাম থাকলেও বিক্ষোভকারীদের হাতে ছিল লোহার রড।”

জলেশ্বরে পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জরুরি বৈঠক করছে। জেলা প্রশাসন সন্ধ্যা আজ ৬টা ৪০ মিনিট থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত কারফিউ জারি করেছে।”

নেপালে দুর্নীতি ও সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার বিরুদ্ধে সোমবার রাজধানী কাঠমান্ডুতে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে হাজারও তরুণ। শুক্রবার থেকে ফেসবুক, ইউটিউব ও এক্সসহ (সাবেক টুইটার) বেশ কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ রাখা হয়।

সরকার ২৬টি নিবন্ধিত নয় এমন প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়ার পর থেকেই সাধারণ ব্যবহারকারীরা বিভ্রান্তির মধ্যে পড়ে এবং তারা ক্ষোভ প্রকাশ করছে। এরই মধ্যে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। দেশজুড়ে চলছে ব্যাপক সহিংসতা-সংঘর্ষ।

এ ঘটনায় এখন পর্যন্ত ২১ বিক্ষোভকারী ও ৩ পুলিশ সদস্য নিহত হয়েছে। সূত্র: খবরহাব