নেপালে জেন-জি বিক্ষোভে ত্রিভুবনের সব ফ্লাইট বাতিল

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : সেপ্টেম্বর ০৯, ২০২৫

নেপালে চলমান জেন-জি বিক্ষোভে নিরাপত্তাজনিত উদ্বেগে আজ মঙ্গলবার ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ এ কারণে সৃষ্ট অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে।

বিমানবন্দরের মহাব্যবস্থাপক হনসা রাজ পান্ডে বলেন, “কোটেশ্বর এলাকায় ধোঁয়ার কুণ্ডলি দেখা যাওয়ার পর দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে আন্তর্জাতিক ফ্লাইটগুলো বন্ধ রাখা হয়েছে। বিমানবন্দর বন্ধ হয়নি। আমরা এটি বন্ধও করব না। চলাচলের সমস্যার কারণে বিমানবন্দরে কর্মীরা পৌঁছাতে পারছে না। ফলে ফ্লাইটগুলো ছাড়া সম্ভব হচ্ছে না।”

গত বছর নেপালের সুপ্রিম কোর্ট দেশটিতে সক্রিয় সামাজিক যোগাযোগমগুলোকে সরকারিভাবে নিবন্ধিত হওয়ার নির্দেশ দিয়েছিল। হাইকোর্টের সেই নির্দেশের ভিত্তিতে প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির নেতৃত্বাধীন সরকার দেশে সক্রিয় সামাজিক যোগাযোগামাধ্যমগুলোকে নিবন্ধনের জন্য ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিল।

কিন্তু নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও সরকারিভাবে নিবন্ধন না করায় ফেসবুক, এক্স, ইনস্টাগ্রাম ও ইউটিউবসহ ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা দেয় সরকার। ৪ সেপ্টেম্বর থেকে কার্যকর হয় এ নিষেধাজ্ঞা।

সরকারের এই নিষেধাজ্ঞা ব্যাপকভাবে ক্ষুব্ধ করে দেশটির স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়া শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে। জেন জি নামে পরিচিত এই তরুণ প্রজন্ম ৪ সেপ্টেম্বর থেকেই সরকারের এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছিল।

রোববার থেকে শুরু হয় আন্দোলন। সোমবারে তা উত্তাল হয়ে ওঠে। রাজধানী কাঠমান্ডুতে কারফিউ অমান্য করে বিক্ষোভে নামে শিক্ষার্থী-জনতা। শুরুর দিকে এই বিক্ষোভে শীর্ষ দাবি হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি এলেও সোমবার এটি প্রায় পুরোপুরি সরকারবিরোধী আন্দোলনে মোড় নেয়।

কাঠমান্ডুর বাণেশ্বরসহ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে এ পর্যন্ত ১৯ জন নিহত ও শতাধিক আহত হয়েছে। সূত্র: দ্য কাঠমান্ডু পোস্ট