নেপালের সাবেক প্রধানমন্ত্রী-পররাষ্ট্রমন্ত্রীকে পেটালো জনতা
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : সেপ্টেম্বর ০৯, ২০২৫
নেপালে জেন জি বিক্ষোভকারীদের হামলায় আহত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও নেপালি কংগ্রেস সভাপতি শের বাহাদুর দেউবা এবং পররাষ্ট্রমন্ত্রী আরজু রানা দেউবা। আজ মঙ্গলবার বুধনিলকণ্ঠে তাদের বাসভবনে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে বিক্ষোভকারীরা।
জানা গেছে, বিক্ষোভকারীরা দেউবা দম্পতিকে তাদের বাসভবনে ঢুকে তাদের মারধর করে। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, দেউবা দম্পতিকে ঘরের বাইরে লনের মাঝে নিয়ে বসানো হয় এবং নিরাপত্তা প্রহরীদের ঘিরে রাখা হয়।
কিছু ক্লিপে দেখা যায়, বিক্ষোভকারীরা দেউবা দম্পতিকে পুলিশ বা সেনার কাছে হস্তান্তর করার নির্দেশ দিচ্ছে।
এর আগে, সোমবার পার্লামেন্ট ভবনের সামনে তুমুল সংঘর্ষে ১৯ জন নিহত ও কয়েকশো মানুষ আহত হয়। আজ মঙ্গলবার নিহত হয় দুজন।
বিক্ষোভকারীরা দুর্নীতি, সরকারবিরোধী নিপীড়ন ও সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের নিষেধাজ্ঞার প্রতিবাদে রাস্তায় নামে। কিন্তু নিরাপত্তা বাহিনী জলকামান, টিয়ার গ্যাস, রাবার বুলেট ও গুলি ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। বিভিন্ন শহরে জারি করা হয় কারফিউ।
আন্দোলনকারীরা দমে না গিয়ে আজও বিক্ষোভ চালিয়ে যায়। চাপের মুখে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। আজ বিভিন্ন নেতার বাড়ি ও সরকারি ভবনে হামলা ও অগ্নিসংযোগ করে বিক্ষোভকারীরা। সূত্র: সেতোপাতি























