পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : সেপ্টেম্বর ০৯, ২০২৫

তীব্র আন্দোলনের মুখে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেছেন। তার সচিবালয় বিবৃতি দিয়ে আজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, সাংবিধানিক সমাধানের পথ প্রশস্ত করার জন্য ওলি পদত্যাগ করেছেন।

প্রধানমন্ত্রী ওলি স্বাক্ষরিত বিবৃতিতে আরও বলা হয়, বর্তমান সংকটের সাংবিধানিক সমাধানের পথ প্রশস্ত করার জন্য তিনি পদত্যাগ করেছেন।

রাজধানী কাঠমান্ডু ও নেপালজুড়ে সকাল থেকেই ক্ষুব্ধ বিক্ষোভ চলছে। বেশ কয়েকজন উচ্চপদস্থ রাজনীতিকের বাসভবনে হামলা ও ভাঙচুর করা হয়েছে, যার মধ্যে ওলি ও প্রাক্তন প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার বাসভবনও রয়েছে। রাজনৈতিক দলের সদর দপ্তরও লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

সিভিল সার্ভিস হাসপাতালের নির্বাহী পরিচালক মোহন রেগমি বলেছেন, “মঙ্গলবারের বিক্ষোভে দুজন মারা গেছে। বর্তমানে ৯০ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।”