মুজতবা আহমেদ মুরশেদের কবিতা ‘কন্যা সাহসিকা’
প্রকাশিত : এপ্রিল ১৩, ২০১৯
শুনতে পাচ্ছো নুসরাত?
শুনতে পাচ্ছো?
তোমাকে অভিষিক্ত করেছি আমরা `কন্যা সাহসিকা।`
শুনতে পাচ্ছো নুসরাত?
শুনতে পাচ্ছো তুমি?
তোমাকে ভালোবেসে আমাদের আর্তনাদ তুমি দেখতে পাও?
দেখতে পাচ্ছো তুমি ধর্ষক মোল্লা সিরাজের কল্লা চেয়ে চারদিকে আছড়ে পরা জলকল্লোল?
হা হা হা!
জানো কি তুমি, কিছু কিছু মোল্লারাও তোমার খুনের বিচার
চেয়ে ব্যানারে লিখেছে `সম্মানিত হুজুর ধর্ষক`!
আবার কিছু কিছু লিঙ্গধারি পুরুষ
তোমাকে শয্যায় পেতে চাইলেও,
তারাও মুখে ফেলা তুলে প্রতিবাদ করছে!
শুনতে পাচ্ছো নুসরাত?
শুনতে পাচ্ছো আমরা অসংখ্য বাবা
আমরা অগণিত মা
আমরা লাখো ভাই
আমরা অজুত বোন
তোমাকে হারানোর নীল বেদনায় কাতর।
শুনতে পাচ্ছো তুমি,
রাস্ট্রের প্রধানমন্ত্রীও কাঁদছেন শোক বিহ্বলতায়!
শুনতে পাচ্ছো না!
শুনতে পাচ্ছো না!
দেখতে পাচ্ছো না!
জানতে পাচ্ছো না!
আগুনে পুড়তে পুড়তে
কয়লা হতে হতে তীব্র যন্ত্রণাও টের পাচ্ছো না!
ধর্ষক হুজুরের হিংস্র হাতের কিলবিল নোখের,
আঙ্গুলের বিভৎস বিচরণও তুমি আর ঠাহর করোনা!
তোমার চোখের কোন বেয়ে আর অশ্রু গড়াচ্ছে না!
একফোঁটা পানি পাবার
প্রবল কিয়ামত তোমার কণ্ঠনালীতে আর নেই!
মমি করা তোমার হীম বুকে আছড়ে পরা মা
তোমার হীম বুকে কাঁদতে কাঁদতে মৃতপ্রায় পিতার কণ্ঠ শুধু তুমি টের পাও।
আমাদের আর্তনাদের এসকল আয়োজন দেখতে চাওনা!
আমাদের সমাজের ঘৃণিত সকল কিছুর সাথে আড়ি।
আমাদের ভান করা কবিতার আয়োজন চাও না?
আমাদের দেখানো প্রতিবাদ চাও না?
আমাদের ভঙ্গুর স্মৃতিকাতরতা হতে তুমি বহুদূরে এখন!
নুসরাত,
তোমাকে কী আর চৈত্রেও ঝরে পরা ঝুম বৃষ্টি ডাকছে না।
নুসরাত, - নদীর নরম স্রোতগুলোর আদর করা স্নেহও কী আর তুমি চিনছো না!
নুসরাত শোনো,
এই যে আমাদের বাগানে থোকা থোকা সুগন্ধি হাসনাহেনা।
এই যে এখানে আমাদের জমাট করে চাঁই বানানো মমতা!
এই যে এখানে তোমার জন্যে জরির কাজে নতুন বোরকা।
এই যে এখানে আগুন নিভিয়ে ফেলার সকল নদীর পানি মজুদ।
এই যে এখানে ধর্ষকের লিঙ্গ কর্তন করার সকল ধারালো ছুরি কাঁচি হাজির।
তুমি এসবের কিছুই চাও না!
এসবের কিছুই আর তোমাকে স্পর্শ করেনা!
তুমি আমাদের আর কোনো মমতার জন্যে লালায়িত নও!
তুমি কোনোদিন আর এক ফোঁটাও বৃষ্টির পানি চাইবে না!
আহ! আহ!
নুসরাত,
তবুও তুমি না জেনেও,
জেনে যাও, তুমি কন্যা সাহসিকা।
তুমি ধর্ষকের বুকে ছুরির ফলা গেঁথে দিতে অজুত কন্যার বাতিঘর।
তুমি আমাদের নতুন ঝাঁসির রানী।
এক নতুন জোয়ান অব আর্ক তুমি।
তুমিই নতুন প্রলয়ের এক বিক্ষুব্ধ কালবোশেখি এবার।























