যাকির সাইদের পাঁচটি গীতিকবিতা
প্রকাশিত : মার্চ ২৫, ২০১৯
নদী বন্দি সাগর প্রেমে
জীবনরে তুই মৃত্যুর সীমায় বাঁধা,
জীবন থেকে জীবনে তোর এই যে উড়াল,
আমার লাগে ধাঁধা,
জীবনরে তুই মৃত্যুর সীমায় বাঁধা।
নদী বন্দি সাগর প্রেমে,
সাগর বন্দি পাড়ে,
তুমি বন্দি মন মন্দিরে,
পূজায় পূজি যারে,
আমার লাগে ধাঁধা,
জীবনরে তুই মৃত্যুর সীমায় বাধা।।
স্বপ্নে বন্দি স্বপ্ন পুরুষ,
রূপে বন্দি নারী,
আমি বন্দি এমনি এমনি,
হৃদয় ব্রহ্মচারী,
আমার লাগে ধাঁধা,
জীবনরে তুই মৃত্যুর সীমায় বাঁধা।।
উড়াল দিয়া যাইবা পঙ্খি
উড়াল দিয়া যাইবা পঙ্খি
সোনার খাঁচা ছাইড়া,
আমি অধম কয়দিন রাখমু,
মায়ার জালে বাইন্দারে,
আমার সোনার খাঁচায় বন্দি পঙ্খিরে।
বাইন্দাছি পরানে পরান,
প্রেমের সূতা দিয়া,
তবু কেন কান্দে পাখি,
আমার অবুঝ হিয়া,
ওরে, নয়নজলে কয়দিন রাখমু,
কোন সূতায় বান্ধিয়ারে,
আমার সোনার খাঁচায় বন্দি পঙ্খিরে।।
চুক্তিপত্র নাইরে কিছু,
নিয়ম কানুন নাইরে,
আন্ধার রাইতে পালায় গেলে,
করার কিছু নাইরে,
ওরে, চন্দনকাঠের পালংক মোর,
যাইবে যে পচিয়ারে,
আমার সোনার খাঁচায় বন্দি পঙ্খিরে।।
যে চিনেছে, সে কিনেছে
যে চিনেছে, সে কিনেছে,
কী আসে যায় দামে,
ওরে, মরলিরে তুই কামে,
কী আসে যায় দামে।
মরলি নারে রূপ সাগরে,
মরলিরে তুই কামে,
এই বোকামিরর মূল্য অনেক,
দিবি সোনার দামে,
ওরে, মরলিরে তুমি কামে।।
মানুষ থুইয়া শয়তান খোঁজ,
গুরু আরো দূরে,
পরম মানুষ ঘরে থুইয়া,
দিন গেল তোর ভ্রমে,
ওরে, মরলিরে তুই কামে।।
তুমি আমার কোরান কিতাব
তুমি আমার কোরান কিতাব,
তুমি আমার রব,
আল্লাহ খোদা গড ভগবান,
তুমিই আমার সব,
তুমি আমার রব।
দিল কাবাতে আছো তুমি,
তুমি দিলের দাবিদার,
দগ্ধ প্রেমের সুধা শরাব,
তুমি তার ও অংশীদার,
হায়, দিলকোরানে অবহেলা,
ছাপা কোরান সব?
তুমি আমার রব।।
ইট পাথরে মাথা ঠুকে,
দিন করিলাম পার,
রোজা নামাজ পড়েই তুমি,
স্বর্গের দাবিদার,
হায়, দিল কাবাবে অবহেলা,
ইট পাথরই সব,
তুমি আমার রব।।
বানাইতা পাখি
মানুষ না বানাইয়া যদি
বানাইতা পাখি,
তবে কি আর দিনরাত্রি
ঝরতো আমার আঁখিরে,
যদি বানাইতা পাখি।
বনবাদারে ঘোরে পাখি,
আকাশ পাখির বাড়ি,
আমারে কেন বাইন্ধা রাখছে
তোমার প্রেমের নাড়ি,
বিধি, একবার যদি দিতা আমায় পাখা,
সপ্ত রঙে মাখি,
যদি বানাইতা পাখি।
বন্দি পাখি জানে বন্ধু
উড়ার কি যে স্বাদ,
প্রেমসমুদ্রে ভাসি তবু
জল তৃষ্ণার সাধ,
বিধি পুড়তে পুড়তে হৃদয় চোখে দেখি,
তোমার সলাজ আঁখি,
যদি বানাইতা পাখি।























