লালি সিপি মিকাইলির কবিতা

ভাষান্তর: সাঈফ ইবনে রফিক

প্রকাশিত : জুন ২২, ২০১৯

ইজরায়েলের কবি লালি সিপি মাকাইলি হিব্রু ভাষায় কাব্যচর্চা করেন। কালেভদ্রে ইংরেজিতেও লেখেন। থাকেন তেলআবিবে। তার কবিতায় বিশ্ব সাহিত্যের সংমিশ্রণ আছে, অনুপ্রবেশ আছে, অনুঘটন আছে, অনুরণনও আছে। সাম্প্রতিক বিশ্ব কবিতায় শরীরভাঙা আধ্যাত্মবাদের যে ফুলকি, তাও দেখেছি লালির কবিতায়। ইংরেজি ভাষায় অনুদিত তার কবিতার বই THE MAD HOUSE থেকে কয়েকটি কবিতার সাঈফীয় বাংলা।

দরজা

দরজা খোলা আর বন্ধের মধ্যেই জীবন
বলেছিলেন ইয়াহুদা আমিচাই।
চাবিটা হাতে পাওয়ার পর
দরজা খুলছি!
জীবনের গ্যালারিতে
সব কিছুর দায় আমার।
যা কিছু ঘটবে
দোষ আমার!

স্পটলাইট

মৃতদেহটা বলবে না, আমি তোমাকে ভালোবাসি
৩০ বছর ধরে
তুমি গাঢ় ছবি হয়ে আছ
একটা মাছি বসেছে তোমার ওপর
নীরবতা ছাড়া
আর কী-ই বা বলার আছে আমার!
কোনো ব্যাপার না!
মৃতদেহটা বলবে না—

বিদ্যুৎ

কবিতার রুমে
সুইচটা অফ করে
লিখে ফেলুন, ঈশ্বরকে ছাড়াই
নরকের মধ্যে বসে!

প্রবেশাধিকার

মাথা উঁচু করে তাকালাম,
বিস্ময়কে আরও একবার দেখতে।
ভবনের প্রবেশমুখে
এক দুই তিন পা এগিয়ে
কোড টিপলাম।
বিপ দিয়ে ভারি কাঠের দরজাটা খুলল।
আমি সেইখানে ঢুকলাম—
যেখানে আছে
আমি আর ভবনের ভাড়াটিয়াদের প্রবেশাধিকারের ঘ্রাণ!
আমি ব্যক্তিগত দেহ নিয়েই ঢুকে পড়েছি
তোমরা ঢুকছো সামষ্টিক দেহ নিয়ে।
এখান থেকে
তোমাদের প্রবেশে অনুমতি লাগবে।

 

তুমি ছাড়া

গোটা যন্ত্রণা নিয়ে শুয়ে আছি
অর্ধেক খালি একটি বিছানায়।
দরজার কাছে কারও পায়ের আওয়াজ,
অথচ কেউ ঢুকছে না ঘরে।

একটা শুকনো টুখব্রাশ
আফটার শেভের ঘ্রাণে ভরে আছে দেরাজ
ওরা আর আমাকে নিয়ে বের হবে না!