‘শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে, আটকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : সেপ্টেম্বর ০৯, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে হচ্ছে বলে জানিয়েছেন রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর শাহবাগে দায়িত্বপালনকালে তিনি এ কথা জানান।

মাসুদ আলম বলেন, “আজ সকাল থেকে খুবই শান্তিপূর্ণভাবে ডাকসু নির্বাচন হচ্ছে এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। আমরা যারা আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আছি, আমরা সকাল থেকে চেষ্টা করে যাচ্ছি। বিশেষ করে ডাকসু নির্বাচন পরিচালনার যে কমিশন আছে সেই কমিশনকে আমরা সহযোগিতা করছি। তারা যেভাবে চাচ্ছে আমরা সেভাবেই তাদেরকে সহায়তা করছি।”

তিনি আরও বলেন, “এখন পর্যন্ত পরিবেশ পরিস্থিতি সবকিছুই ভালো আছে। এই পরিস্থিতিতে আমরা একদম ভোটগ্রহণ এবং ভোট গণনার শেষ পর্যন্ত বজায় রাখতে পারলে এটা আমাদের বড় ধরনের সাকসেস।

ভুয়া আইডি কার্ডে আটকৃতদের বিষয়ে জানতে চাইলে ডিসি মাসুদ বলেন, “এ পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। সন্দেহজনক দুজনকে যারা ভুয়া আইডি কার্ড শো করে ঢোকার চেষ্টা করেছিল, তাদেরকে ধরা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।”

ডাকসু ও হল সংসদ নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে প্রবেশে কড়াকড়ির মধ্যেও সোমবার রাতে দুজন ভুয়া শিক্ষার্থীকে আটক করে পুলিশ। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভুয়া পরিচয়পত্র নিয়ে ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করছিল।

পুলিশ বলছে, ভুয়া কার্ডধারী দুই যুবক বিশেষ কোনো স্বার্থান্বেষী মহলের পক্ষে কাজ করতে বিশ্ববিদ্যালয়ে প্রবেশের চেষ্টা করেছিল কিনা তা যাচাই-বাচাই চলছে।

ভুয়া কার্ডধারী সম্পর্কে প্রশ্নের জবাবে মাসুদ আলম বলেন, “ভুয়া স্টুডেন্ট কার্ড ব্যবহার করলেই ব্যবস্থা নেওয়া হবে। দুজন ভুয়া কার্ডধারী পাওয়া গেছে। তারা কোথা থেকে এসেছে, কেন এসেছে, কোনো উদ্দেশ্য আছে কিনা, অথবা কোনো বিশেষ স্বার্থান্বেষী মহলের পক্ষে কাজ করছে কিনা— এসব বিষয় আমরা যাচাই-বাছাই করছি।”