শামীমা জামানের ‘বইমেলার ছড়া’
প্রকাশিত : মার্চ ০৩, ২০১৯
এক,
বইমেলা রঙ্গমেলা আছে কত রং গো
কত কৌতুক দেখা যায় কত কত সং গো
শাড়ি ধরে হেঁটে চলেন নারীবাদী আপা
ব্যক্তিত্ব ফোটাতে হাসেন অতি মাপা।
স্লিভলেস ব্লাউজ, আঁচলেতে ফ্রিদা
লুতুপুতু লেখিকার জামাইখানা সিদা।
ঝোল রাধেন, ভর্তা করেন, ফেলেন ভাতের মাড়
লেখিকা খুঁজে ফেরেন বুড়ো কবির ঘাড়।
ঘাড় পেতেই দেরি নয়, জলদি পড়েন হেলে
ডানহাত আসমানে, সেলফি গোলমেলে।
মাঝরাত যায় পেরিয়ে, করতে ছবি এডিট
স্বামী বেচারা নিজেকে ভাবেন কার্ড ক্রেডিট।
দুই.
মন্ত্রী মশাই লুচুন হাসেন
দাঁতগুলো কেলিয়ে,
দুই পাশেতে যখন থাকেন
পরি আঁচল মেলিয়ে।
তিন.
ছোট ছোট হুজুরেরা ইতিউতি ঘোরে
প্যারাডক্স সাজিদকে খুঁজে খুঁজে ফেরে।
বোরকা পরা মেয়েটি ধরে আসমান,
ফুল চাকতি মাথায় তোলে কত ভাসমান।























