শামীমা জামানের ‘মা দিবসের কবিতা’
প্রকাশিত : মে ১২, ২০১৯
এক.
মাকে আমার কখনো সুন্দর মনে হয়নি
অন্যের মায়েরা আরো বেশি সুন্দর ছিল বলে
মায়ের একজোড়া মোটা ভ্রূ, কচি পটল চোখ
কনে মাকে তারা সেই ভ্রূর উপর বুড়ো আঙুল ডলে
পরীক্ষা করেছিল, তাতে কিছু কালি পাওয়া যায়নি বলে
সারাজীবন তারা হিংসায় মরেছিল।
তারা ছিল বেগম জিয়ার মতো ভ্রূহীন মৃত মাছ
মা আমার ডানা ঝাপটানো কচি হাঁস।
মাকে আমার কখনো সুন্দর মনে হয়নি
মায়ের ঠোঁটজোড়া কমলালেবুর মতো মোটা ছিল বলে।
অতিবোচা নাক তার সীমাহীন লজ্জার
এ মন্যতা এ হীনতা কেবলই মজ্জার।
সব মায়ের নাক কেমন শর্মিলা ঠাকুর টানা
মা যে দেখতে বেশ, কখনো হয়নি কেন জানা?
মুখে তার খুঁজেছি ভরসা আশ্রয়,
চোখ তুলে দেখিনি সুন্দর।
অথচ পাড়ার বখাটে ধুরন্ধর বাতাসে বাণী দিল
মেয়েটা অনেক সুন্দর, তবে
ওর মায়ের চেয়ে নয়।
আহা বখাটে, হোক তোর জয়।
বলব না, মর, তুই মর
সেই প্রথম চোখ তুলে চেয়ে দেখি
মা কত সুন্দর!
দুই.
মা দিবসের নিউজ ফিডে
কত কত মায়েরা ভাসে
জগতের সকল মা-ই সুন্দর
কৃপণ হাত আজ মুক্ত হস্তে
দিয়ে যায় লাইক, কমেন্ট অসাম
পুঁজিবাদের মায়েরে বাপ
জিরো ফিগার সেলিব্রেটি
হি হি আপনিও দিয়ে যান জানান
ওই নাংগা শরীর, সেক্সি লুকের পাশে
কৃষাণী গরিব চেহারার মাটি বড্ড বেমানান।























