শাহরুখ পিকলুর কবিতা ‘মন ভালো না থাকলে’

প্রকাশিত : ডিসেম্বর ২২, ২০১৮

মন ভালো না থাকলে—
কৃষ্ণচূড়ার লাল রঙে শরীরে আগুন লাগে,
শরতের নীল আকাশে ছেঁড়া ছেঁড়া শাদা মেঘ, তবু
দেখে শুধুই বেদনার নীলে নিমজ্জিত হতে হয়।

মন ভালো না থাকলে—
শহর থেকে বহু দূরে গিয়ে নির্জনতাকে অসহ্য লাগে,
শহরে ফিরে এসে
মানুষের গাদাগাদি, গাড়ির চিৎকার, ধোঁয়া, থাক সে সব।

মন ভালো না থাকলে—
একে একে দুই না হয়ে হয় ভিড়,
প্রেমের প্রসারিত হাতে বা ওষ্ঠে
স্বস্তি বা উত্তেজনা কোনটাই থাকে না, থাকে বিরক্তি।

মন ভালো না থাকলে—
ভোরে কোকিলের ডাকে শুধু ঘুমেরই ব্যাঘাত,
নতুন সূর্যের আলো দেখে চোখ জ্বলে
রাতের অন্ধকারের চাদরে লুকোনোর আর জো নেই।

মন ভালো না থাকলে—
সময়ের প্রবাহের ভরসায় থাকতে হয়, ছোট এ জীবনে
বাসর রাতের চেয়েও ছোট, রাতের রাণীর যৌবনকাল যেমন,
যদি-বা অয়নের কোনো প্রহরে মেঘটা কেটে যায়।

জীবন বহতা নদীর মতো, তাতে হাত ডোবানো যায়
তবে প্রতি বারই সে নদী ভিন্ন, ঢেউয়ে ঢেউয়ে ভিন্নতা,
আগামি স্রোতে হয়তো সুখ, এ বেলাটা যদিও  মলিন—
মনটা ভালো নেই বলে।  

২০ ডিসেম্বর ২০১৬