সশস্ত্র বাহিনীর বেতন নির্ধারণে নতুন কমিটি গঠন
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : আগস্ট ২২, ২০২৫
সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের জন্য নতুন বেতনকাঠামো নির্ধারণে সরকার ‘সশস্ত্র বাহিনী বেতন কমিটি, ২০২৫’ গঠন করেছে। বৃহস্পতিবার লেফটেন্যান্ট জেনারেল মো. ফয়জুর রহমানের নেতৃত্বে ৯ সদস্যের এই কমিটির প্রজ্ঞাপন জারি করে সশস্ত্র বাহিনী বিভাগ।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন: মেজর জেনারেল মো. নাসিম পারভেজ, রিয়ার অ্যাডমিরাল মো. জহির উদ্দিন, এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ, ব্রিগেডিয়ার জেনারেল অং চ ছা মং, এয়ার কমডোর জামিল উদ্দিন আহম্মদ, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মিলিয়া শারমিন ও ক্যাপ্টেন মো. তৌহিদ সাগর।
ব্রিগেডিয়ার জেনারেল নিশাদুল ইসলাম খান কমিটির সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন। কমিটিকে ৩১ অক্টোবরের মধ্যে বেতন-ভাতা, অবসর সুবিধা, পারিবারিক পেনশনসহ বিভিন্ন আর্থিক সুবিধার সুপারিশ জমা দিতে বলা হয়েছে।
বাড়িভাড়া, চিকিৎসা, যাতায়াত ও উৎসব ভাতাসহ অন্যান্য সুবিধা যৌক্তিকীকরণ এবং বেতনক্রমের অসংগতি দূরীকরণে সুপারিশ প্রণয়নের নির্দেশ দেওয়া হয়েছে। কমিটি জাতীয় বেতন কমিশন ২০২৫-এর সঙ্গে সমন্বয় রক্ষা করে কাজ করবে।
প্রজ্ঞাপনে বলা হয়, কমিটি প্রয়োজনে ৩ বাহিনীর জন্য পৃথক সাব-কমিটি গঠন করতে পারবে এবং যে কোনো সংস্থা বা ব্যক্তির সহায়তা নিতে পারবে। এছাড়া জীবনযাত্রার ব্যয়, অর্থনৈতিক প্রবৃদ্ধি, দারিদ্র্য নিরসন ও সশস্ত্র বাহিনীর সদস্যদের বিশেষ দায়িত্ব বিবেচনায় নিয়ে সুপারিশ প্রণয়নের নির্দেশ দেওয়া হয়েছে।























