সাঈফ ইবনে রফিকের একগুচ্ছ কবিতা

প্রকাশিত : জুলাই ০৪, ২০১৯

স্থান-কাল-পাত্র

সময় নেই
অথবা স্থান
পাত্রগুলোও কানায় কানায় পূর্ণ
আর্কিমিডিসের ঘোলাজলে।

আপেক্ষিক বয়স খামিয়ে দেয়া গাড়িতে
উঠে বসেছেন আইনস্টাইন।
নিউটনের হাতঘড়িটা
গোলাকার চাকার মতো ঘুরছে—
বারবার ফিরে আসছে আগের কাঁটায়

ইবনে সিনাও বলছেন, কসাই হাসপাতালে যেও না—
আবে হায়াত ভেবে খেয়ে নিও না
হার্মদদের হারবাল রুহ আফজা!

রিমিক্স

`দেয়াল ঠেলে সরাতে না পারলে,
ওটা কোনো কাজ নয়।`
এটাই ফিজিক্স।
তোমার শ্রম বা ঘামের কথা কেউ শুনবে না,
কেউ গুনবে না।
আধুনিকতার মোহে শিকড়ের বেদনাই উত্তরাধুনিক;
কানে ইয়ারফোন গুজে শুনতে থাকো
হারানো দিনের হিন্দি গানের রিমিক্স।

গালিভার

বনসাই জঙ্গলে দেখি,
আমি একাই গালিভার!
গুরু বললেন, মুতে দাও—
প্রাকৃতিক ঝর্ণা ভেবে নেয়ে উঠুক
সিভিল সোসাইটি। লিলিপুট শহরে
বিড়ালগুলোই রাজকীয় বাঘ।
বামনের বুকপকেটে
হারবালে বেড়ে ওঠা চাঁদ
বৈদ্যুতিক জোছনা ছড়ায়, নিরাকার।
প্রতিটি কবি একাই চিন্তার গালিভার।

সাঈফ ইবনে রফিকের জন্ম ১৯৭৬ সালে। শৈশব কেটেছে লিবিয়ার ভূমধ্যসাগর তীরবর্তী শহর মিসরাতায়। কৈশোর বরিশাল ক্যাডেট কলেজে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন অনুষদে অসমাপ্ত শিক্ষাজীবন। পেশা সাংবাদিকতা। অনলাইনে সরব। ফেসবুক আইডি https://www.facebook.com/saifibnerafiq