সাঈফ ইবনে রফিকের কবিতাগুচ্ছ

প্রকাশিত : সেপ্টেম্বর ২২, ২০১৯

মাটি দূষণের দায়

নিকটজনেরে বলি,
আমারে দাফন করলেই
মাটি দূষণের দায় তোর কাঁধে।
তুইও যে কাফন পরলেই
ফাঁসির আসামি, মৃত্যুদণ্ড।
মাটিতে আসক্তি আছে!

বিভ্রান্ত হবেন না

মনের ভেতরে ছুঁচোর উৎপাত দেখে
একটা বিড়াল ছেড়ে দিয়েছিলাম।

ওয়াজ মাহফিল থেকে বেরিয়ে
বিড়ালটা বাঘ হয়ে গেল।
সে এখন অচ্ছুৎ ছুঁচো মেরে
হাত নষ্ট করতে চায় না—
রাজসিক মেজাজে শুধু
মানবী মাংস খুঁজে বেড়ায়।

আমি পাপবোধে ভুগি,
তওবায় নিষ্পাপ হওয়ার ভরসায়
আবারও পাপে জড়াই
ছুঁচোর ইশারায়।

কাক ও কোকিল

কাক কোকিলের মতো গান গাইতে চায়;
গলা দিয়া কুহুকুহু আওয়াজ করে
অথচ কা-কা বের হয়।
পারিবারিক ও প্রাতিষ্ঠানিক শিক্ষা পাইলে
এই কা-কাই সুরেলা সঙ্গীত হইয়া উঠতো;
কাকের আর কোকিল সাজা লাগতো না।