সাঈফ ইবনে রফিকের বিতর্কিত কবিতা
প্রকাশিত : জুলাই ২৪, ২০১৯
সংস্কৃতির দোকান
সংস্কৃতি বিক্রি করে খাওয়া
এক নিম্নমেধার অভিজ্ঞ বইপোকা বললেন,
একদা যে বাঙালি
মদের বোতলে পানি খেত;
আজ তারা পুলিশ এড়াতে
পানির বোতলে মদ রাখে।
আমি বললাম, কোক-পেপসির বোতলে সমস্যা কি?
বিজ্ঞ বললেন, বোতল বদলালেও
পুরোনো সে মদই থেকে যাচ্ছে।
ফোঁটায় ফোঁটায় বংশবিস্তার
হোমিওপ্যাথি ওষুধের মতো
অথবা জমজমের পবিত্র পানি!
তিনি আরও বললেন, বাঙালি নতুন মদ পাচ্ছে না
তাদের একজন হোমার নেই, শেক্সপিয়ার নেই
ইমরুল কায়েস এমনকি মার্ক টোয়েনও নেই।
আমি বললাম, যাদের নিঃশ্বাসে
নিঃশব্দে লালন ঢুকে পড়ে
তাদের তো অন্য মদে পিনিক হবে না বস!
আমাদেরও মহাকাব্য আছে
মহাভারত আছে
টোয়েন না থাকলেও, মার্ক জাকারবার্গ আছে—
তবে কবিরা গরুর মাংস বিক্রি করে বলে
ওদের সাহিত্য আমরা কিনি না।
আপনার অনুবাদ দোকান থেকে
সংস্কৃতি কিনে খাই!
কবিতা ব্যবসা
দুই শামীমের দুটি কবিতার দোকান—
একটা সার্টিফিকেট বেচে
সাথে ক্যারিয়ারও।
অন্যটা ইভেন্ট। কবিদের ট্যুর প্যাকেজ
অথবা ক্রিকেট রঙ্গে
স্বামী স্বামী জয়ধ্বনি!
ওপারে ওবাই খাটাশ
সাহিত্যের পটল তুলতে গিয়ে
শালুক তুলে বলছে, ছোটকাগজেও
দাও সরকারি বিজ্ঞাপন।
আজিজের বইয়ের দোকান হটিয়ে
তোমরা যখন কাকতাড়ুয়াকে টি-শার্ট পরাও—
ব্রাত্য তখন কবিতার খুচরা বিক্রেতা
ফেরি করে বেড়াচ্ছে ভাব;
কবিরা সিনেমা লিখে কামু হয়ে যাচ্ছে!
কবিতার এই বাজার থেকে বেরিয়ে
বমি করতে করতে রমনায় গিয়ে
শ্বাস নেই। বিশ্বাস করুন, দীর্ঘশ্বাসে আমি
সহি কবি হয়ে উঠি!
সংস্কৃতি
কানিজ আলমাস খানকে জিজ্ঞাসা করলাম, সংস্কৃতি কি?
পারসোনা থেকে এক সুন্দরী বেরিয়ে এলো।
ফজলে হাসান আবেদকে জিজ্ঞাসা করলাম, সংস্কৃতি কি?
আড়ংয়ের হাফ-শার্ট গায়ে বেরিয়ে এলেন মধ্যবিত্ত।
প্রফেসর মুহাম্মদ ইউনুসকে জিজ্ঞাসা করলাম, সংস্কৃতি কি?
গ্রামীণ ব্যাংকের সিলিংয়ে ঝুলিয়ে ঋণখেলাপিকে পেটাচ্ছেন কর্মকর্তারা।
নায়ক সাকিব খানকে জিজ্ঞাসা করলাম, সংস্কৃতি কি?
ছেলেটাকে নিয়ে প্রথমবারের মতো মিডিয়ায় হাজির হলেন অপু বিশ্বাস।
সাকিব আল হাসানকে জিজ্ঞাসা করলাম, সংস্কৃতি কি?
গ্যালারিতে শিশিরকে টিজ করা ভিআইপিদের পেটাতে লাগলেন।
সলিমুল্লাহ খানকে জিজ্ঞাসা করলাম, সংস্কৃতি কি?
ফুকো-লাকা-দেরিদা-হেগেল-অ্যারিস্টেটল আর কি কি যেন বললেন।
নির্মলেন্দু গুণক জিজ্ঞাসা করলাম, সংস্কৃতি কি?
পদক চেয়ে তিনি ফেসবুকে স্ট্যাটাস দিলেন।
আনিসুল হককে জিজ্ঞাসা করলাম, সংস্কৃতি কি?
প্রথম আলো মেলে মুখ ঢেকে গদ্যকার্টুন পড়া শুরু করলেন।
সোলায়মান সুখনকে জিজ্ঞাসা করলাম, সংস্কৃতি কি?
মোটিভেশনাল স্পিচ শুনে পুরুষরা গর্ভবতী হতে শুরু করলো।
প্রতিটি চরিত্র কাল্পনিক। কারো সাথে মিলে গেলে সংশ্লিষ্ট ব্যক্তি দায়ী থাকবেন























