সৈয়দ রিয়াদ হোসেনের প্রেমের কবিতা

প্রকাশিত : জুলাই ২৬, ২০১৯

সেই মেয়েটি

অনেক দিনই তো কেটে গেল
আর কত অপেক্ষা?
বলতে গিয়েছিলাম, কিন্তু তখন অন্যের মনের একপাশে
আঁকছিলে তোমার ছবি

তোমার চোখে ওই ছবির প্রতি মায়া দেখে
বলতে পারিনি সাহস করে
আমিও ওরকমভাবে তোমার ছবি এঁকে রেখেছি

তুমি কি দেখতে পাও? পাও না জানি, তবু
তোমার মুখের মতো মুখ
কোথাও আর দেখি না তো, তাই
সাহস করে দাঁড়াই তোমার মুখোমুখি
যদি একবার দ্যাখো, দেখতে পাও আমার চোখে
তোমার মুখের ছবি!

কবি ও তার প্রেমিকা

লম্বা চুল, কাজল কালো চোখ,
ময়ূরকণ্ঠি নীল রঙের শাড়ি পরে কবির প্রেমিকা।

এই প্রেমিকা অন্যরকম, যেমন
বুকের খুব ভেতরে সে মুহূর্তে লুকিয়ে ফেলতে পারে যন্ত্রণার কালশিটে
যে প্রেমিকা অপেক্ষায় থাকে, কখন আসবে কবি
হাতে থাকবে দোলনচাঁপা আর কবিতার খাতা

কবির প্রেমিকা লম্বা চুল রেখেছে পরিপাটি করে
সে জানে, কবি এরকম দিঘল চুল পছন্দ করে
দিঘল চুল নিয়ে তার কবিতা আছে লাল মলাটের মোটা খাতায়

কবি আসবে, তাই
প্রেমিকা কাজল দ্যায় তার মায়াবী দুই চোখে
তার চোখ উপত্যকার মতো নির্জন
কবি এই নির্জনতা ভালোবাসে।

প্রেমিকা দোলনচাঁপা ফুল পছন্দ করে
তাই কবি খুঁজছে সুন্দর টাটকা ফুল
পৃথিবীর বাগানে যে ফুল ফুটবে শুধুই তার প্রেমিকার জন্যে

প্রেমিকার মুখোমুখি দাঁড়িয়ে কবি বলবে,
জগতের সকল কল্যাণ তোমাতেই বর্ষিত হউক হে নারী
যদি চাও নক্ষত্রের মালা, তাও এনে দিতে পারি

কবি ঠিকই একদিন দাঁড়াবে তার প্রেমিকার মুখোমুখি
হাতে থাকবে সদ্যফোটা দোলনচাঁপা ফুল
তাই কিব আজও খুঁজে ফেরে দোলনচাঁপা
পৃথিবীর বাগানে বাগানে।